জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তিতে ফিজিওথেরাপিস্ট পদের শিক্ষাগত যোগ্যতা এবং গ্রেড সংশোধনের দাবি জানিয়েছেন ফিজিওথেরাপিস্ট ও শিক্ষার্থীরা। সংশোধন করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন।
গতকাল মঙ্গলবার রাজধানীতে হাসপাতালের সামনে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ) এই মানববন্ধনের আয়োজন করে। এতে পেশাজীবী, বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্ট ইউনিয়ন (বাপসু) ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় সংগঠনের সহসভাপতি ডা. সফিউল্লাহ প্রধানিয়া বলেন, দেশে দীর্ঘমেয়াদি ব্যথা, পঙ্গুত্ব, প্রতিবন্ধী রোগীর সংখ্যা অনেক। অথচ স্বাস্থ্য সেক্টরের একটি ফ্যাসিবাদী চক্র স্বাস্থ্যব্যবস্থায় সরকারি হাসপাতালে ফিজিওথেরাপিস্ট নিয়োগ দিতে দিচ্ছে না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে রোগীরা। এ ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা ওপরে ফেলতে হবে।
মানববন্ধন শেষে বিপিএ সভাপতি ডা. মুহাম্মদ তৌহিদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল হাসপাতালের পরিচালক কার্যালয়ে স্মারকলিপি দেন।