ক্রীড়া ও বিনোদনের জগতে তারকাদেরকে প্রায়ই অযাচিত মন্তব্য ও সমালোচনার মুখোমুখি হতে হয়। তবে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন পাঞ্জাব কিংসের সহ-মালিক ও বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। সম্প্রতি এক ভক্তের অশালীন ও লিঙ্গবৈষম্যমূলক প্রশ্নের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) তিনি যেভাবে মুখ খুলেছেন, তা প্রশংসার দাবি রাখে।
ঘটনার সূচনা হয় একটি ‘আস্ক মি এনিথিং’ সেশনে, যেখানে এক ব্যবহারকারী আইপিএল ২০২৫-এ গ্লেন ম্যাক্সওয়েলের পারফরম্যান্স নিয়ে ব্যঙ্গাত্মকভাবে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, 'ম্যাক্সওয়েলের ফর্ম কি প্রীতি জিনতার সঙ্গে বিয়ে না হওয়ায় খারাপ হয়ে গেছে?' আপাতদৃষ্টিতে মজার হলেও, মন্তব্যটি ছিল স্পষ্টতই অশালীন ও প্রাসঙ্গিকতার বাইরে।
তবে এই ব্যঙ্গ মজা হিসেবে না নিয়ে, একেবারে ঠান্ডা মাথায় ও স্পষ্ট ভাষায় এর জবাব দেন প্রীতি। তিনি প্রশ্ন তোলেন, 'আপনি কি পুরুষ মালিকদেরও এমন প্রশ্ন করেন, নাকি শুধুই নারীদের ক্ষেত্রেই এই বৈষম্য?' এ বক্তব্যের মধ্য দিয়ে তিনি তুলে ধরেন, ক্রীড়াঙ্গনের কর্পোরেট জগতে একজন নারী হিসেবে তাকে কী পরিমাণ লড়াই করে এগোতে হয়েছে।
‘বীর-জারা’ খ্যাত এই অভিনেত্রী আরও বলেন, 'আমি গত ১৮ বছর ধরে কঠোর পরিশ্রম করেছি। আমার জায়গাটা আমি উপার্জন করেছি, উপহার হিসেবে নয়। দয়া করে আমাকে সেই সম্মানটুকু দিন, এবং লিঙ্গ বৈষম্য বন্ধ করুন।'
এর পাশাপাশি সৌন্দর্য নিয়েও এক প্রশ্নের মুখোমুখি হন প্রীতি। এক ভক্ত জানতে চান— ‘আপনার সৌন্দর্যের রহস্য কী?’ উত্তরে সৌজন্য ও কৌতুকমিশ্রিত ভঙ্গিতে তিনি জানান, এই ধরনের প্রশ্নে তিনি কৃতজ্ঞ হলেও খেয়াল করিয়ে দেন— নারীদের ক্ষেত্রে অর্জনের চেয়ে চেহারা বা বয়স নিয়েই বেশি আলোচনা হয়। তিনি বলেন, 'পুরুষদের অর্জন নিয়ে প্রশ্ন হয়, নারীদের চেহারা বা বয়স নিয়ে। তবুও ভক্তকে ভালোবাসা জানিয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।'