ঝিনাইদহের শৈলকূপায় অতিরিক্ত মদপানে নয়ন দাস (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার গাড়াগঞ্জ চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নয়ন দাস ওই গ্রামের রবি দাসের ছেলে। পেশায় তিনি ছিলেন একজন নরসুন্দর।
নয়নের স্ত্রী দিপা দাস জানিয়েছেন, তার স্বামী মাঝেমধ্যে মদ্যপান করে বাড়ি ফিরতেন। ওইদিন রাতেও নয়ন মদ্যপ অবস্থায় বাড়িতে এসে অতিরিক্ত বমি করতে থাকেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে নয়নের মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।
ঝিনাইদহ সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিয়া সুলতানা বলেন, নিয়মিতভাবে মদপানের কারণে নয়নের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।