মার্কিন ডলারের দাম কত হবে বাংলাদেশ ব্যাংক সেটি বাজারের ওপর ছেড়ে দিতে যাচ্ছে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে দুবাই থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, এখন প্রবাসী আয় ভালো আসছে। রিজার্ভও স্থিতিশীল। উন্নতি হয়েছে লেনদেন ভারসাম্যের। আগামী জুন মাসের মধ্যে ৩৫০ কোটি ডলার আসবে। এতে রিজার্ভ আরও বাড়বে। ফলে বিনিময় হার বাজারভিত্তিক করার এটাই ভালো সময়।
বাজারভিত্তিক করার কারণে ডলারের মূল্য বাড়বে না বলে আশা করে তিনি বলেন, আশা করি দাম এখনকার দামের আশপাশে থাকবে।
বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে তাদের সঙ্গে বাংলাদেশের দর-কষাকষি চলছিল। এই শর্ত পূরণ না করায় সম্প্রতি আইএমএফ ঋণের কিস্তি ছাড় করছিল না বলে জানিয়েছিলেন কর্মকর্তারা।
এর মধ্যে মঙ্গলবার জানা যায়, বাংলাদেশ ডলারের বিনিময় আরও নমনীয় করতে রাজি হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একদিন না যেতেই ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করার ঘোষণা দিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।