বাসে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে

আসন্ন ঈদুল আজহায় দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৬ মে থেকে। ২৯ মে থেকে ঈদের আগ পর্যন্ত এই অগ্রিম টিকিট বিক্রি করা হবে। আজ বুধবার বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ।

তিনি বলেন, আগামী ১৬ মে শুক্রবার থেকে বাসের মালিকরা অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিন থেকে যাত্রীরা একযোগে অনলাইনে ও কাউন্টার থেকে বাসের টিকিট কিনতে পারবেন। তবে অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনে বিক্রি করবে। ফলে যাত্রীরা বাসের কাউন্টার ও অনলাইন–উভয় মাধ্যমেই টিকিট পাবেন।

ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব মালিককে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।