ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশনের স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমানের (শুভ মাহফুজ) বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।
আজ বুধবার (১৪ মে) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল শুভ মাহফুজের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।
ঘটনার বিবরণ দিয়ে মাহফুজ জানান, আমার বাড়ি নোয়াখালী সদর উপজেলার ২ নম্বর দাদপুর ইউনিয়নের কৃপালপুর গ্রামে। কৃপালপুর ইসলামিয়া আলিম মাদরাসার এডহক কমিটির সভাপতির জন্য আমার চাচাতো ভাই মুহাম্মাদ আব্দুল কাইয়্যুমের পক্ষে সমর্থন দেই। এরপর থেকেই আমার গ্রামের প্রতিবেশী মাদরাসার আরেক সভাপতি পদপ্রার্থী জামাল উদ্দিন এবং তার অনুসারী কিছু কুচক্রী গোষ্ঠী আমার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগাণ্ডা চালাতে থাকে। গত ১৩ মার্চ জামাল উদ্দিন সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের গানম্যান মো. ইকবাল হোসেনকে নিয়ে মাদরাসা বোর্ডে যান তদবির করতে। সেখানে সাবেক শিক্ষামন্ত্রীর গানম্যান ইকবাল হোসেনকে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের দোসর দাবি করে জিজ্ঞাসাবাদ করেন বলে জানতে পারি।
তিনি বলেন, ঘটনার দায়ভার তারা আমার ওপর চাপিয়ে দেয় এবং আমাকে মুঠোফোনে বিভিন্ন হুমকি দেয়। এরপরই জামাল উদ্দিন নিজের অনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এবং নিজের উদ্দেশ্য হাসিলের জন্য তিনদিন পর গত ১৬-০৩-২০২৫ তারিখে চকবাজার থানায় জিডি করে। ওই জিডির বিবরণে আমার নাম না থাকলেও এর কয়েকদিন পর আমার চাচাতো ভাই আব্দুল কাইয়্যুমকে ছয় মাসের জন্য মাদরাসার এডহক কমিটির সভাপতি করে মাদরাসা বোর্ড প্রজ্ঞাপন জারি করলে জামাল উদ্দিন নিজের স্বার্থ হাসিলের জন্য আমার আমার বিরুদ্ধে গত ২৮ মার্চ একটা মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করে।
তিনি জানান, মামলার বাদী পতিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আদালতের নির্দেশক্রমে এটি এখন চকবাজার থানায় তদন্তাধীন। সুষ্ঠু তদন্ত হলে অবশ্যই সত্য ঘটনা বের হয়ে আসবে।
ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, মাহফুজুর রহমানের (শুভ মাহফুজ) ওপর মিথ্যা মামলার ঘটনা ন্যাক্কারজনক। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলাবাহীনির প্রতি আহ্বান জানিয়েছে নেতৃবৃন্দ।