ফুটবল ইতিহাসের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি গোলের পর গোল করে কোটি ভক্তকে উল্লাসে মাতিয়েছেন। এবার সেই অসংখ্য গোলের মধ্য থেকে প্রথমবারের মতো বেছে নিতে যাচ্ছেন নিজের সেরা গোলটি।
২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই আর্জেন্টাইন জাদুকর মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, আগামী ২২ মে তিনি প্রকাশ করবেন ক্যারিয়ারের সবচেয়ে প্রিয় গোলটি। সেই গোলের ভিত্তিতে তৈরি হবে এক বিশেষ চিত্রকর্ম, যা উঠবে নিলামে, যার অর্থ ব্যয় হবে দাতব্য কাজে।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮৬০টি গোল করেছেন মেসি। বার্সেলোনা, পিএসজি, ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার হয়ে প্রতিটি গোলই যেন একেকটি স্বপ্নের গল্প। সেই গল্পগুলোর মধ্যে থেকে সেরা একটি বেছে নেওয়াটা মোটেও সহজ নয়।
'মাত্র একটি গোল বেছে নেওয়া বেশ কঠিন। প্রতিটি গোলই নিজস্বভাবে স্পেশাল। কিছু গোল আবার অবিশ্বাস্য স্মৃতি ফিরিয়ে আনে। তবে এই ইউনিক প্রজেক্টের জন্য একটা পছন্দের গোল বেছে নিতে হবে। এটার পেছনে একটা শক্তিশালী উদ্দেশ্য রয়েছে, আর এর অংশ হতে পেরে আমি খুবই খুশি।'
মেসির বেছে নেওয়া গোলটি রঙ তুলির ছোঁয়ায় শিল্পকর্মে রূপ দেবেন বিশ্বখ্যাত ডিজিটাল আর্টিস্ট রেফিক অ্যানাডোল। সেই চিত্রকর্মে থাকবে মেসি এবং অ্যানাডোলের স্বাক্ষর। নিউইয়র্কের নামকরা নিলাম প্রতিষ্ঠান 'ক্রিস্টিস' আগামী ১১ জুন এই শিল্পকর্ম উন্মোচন করবে। এরপর শুরু হবে নিলাম, যার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৫ জুলাই।
ফুটবলের গোল এবার রূপ নেবে ক্যানভাসে—শিল্প আর খেলাধুলার এই অনন্য মেলবন্ধন যেন মেসির ক্যারিয়ারকেই নতুন করে উদযাপন করবে। আর সেই উদযাপন ছুঁয়ে যাবে অসহায়দের সহায়তায়—ফুটবল যেমন মাঠে, তেমন মাঠের বাইরেও এক মানবিক গল্প হয়ে উঠবে।