মেসি, সুয়ারেজ, আলবাদের ফর্মে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ মাশচেরানোর সামনে

ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র চার সপ্তাহ। ক্লাব পর্যায়ের এ বৈশ্বিক টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবেন লিওনেল মেসি ও তার দল ইন্টার মায়ামি। কিন্তু মায়ামির বর্তমান ফর্ম নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন কোচ হাভিয়ের মাশচেরানো। এমন অবস্থায় তিনি স্বীকার করে নিয়েছেন ক্লাব বিশ্বকাপ শুরুর আগে ‘দলগত কিছু দিক ঠিক করতেই হবে।’

এই মুহূর্তে মাশচেরানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো খেলোয়াড়দের সময় বন্টনের ভারসাম্য রাখা এবং কোন প্রতিযোগিতা কতটা গুরুত্ব পাবে, তা সঠিকভাবে নির্ধারণ করে দলকে প্রতিযোগিতামূলক অবস্থায় রাখা। খোলাখুলিভাবে তিনি বলেন, ‘আমি ভান করব না যে সবকিছু ঠিক আছে। আমরা হারতে পছন্দ করি না। গত পাঁচ ম্যাচে আমরা ১৪টি গোল খেয়েছি, যার অধিকাংশই ছিল খেলোয়াড়দের অমনোযোগিতা ও ব্যক্তিগত ভুলের ফল, কোনো দলগত রক্ষণের অভাবের কারণে নয়।’

‘আমার মতে, এই চার-পাঁচ দিনের বিশ্রামই সঠিক সময় সবাইকে একত্রিত করার জন্য। একসঙ্গে সময় কাটানো, আলোচনা করা, মানসিকভাবে দলের বন্ধন গড়ে তোলা – এসব বিষয় মৌসুমে প্রায়ই সম্ভব হয় না, কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে এগুলো দরকার পড়ে’- বলেন মাশচেরানো।

মায়ামির চার প্রাণভোমরা মেসি এবং তার বার্সেলোনা সময়ের সতীর্থ লুইস সুয়ারেজ, জর্দি আলবা এবং সার্জিও বুসকেটস কিছুটা বিশ্রামের সুযোগ পাবেন। তবে তাদের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এই চার অভিজ্ঞ তারকার শরীরে সময়ের ছাপ পড়েছে। তাদের ফুটবল বুদ্ধিমত্তা এখনো অনস্বীকার্য, তবে বয়সজনিত শারীরিক সীমাবদ্ধতা অস্বাভাবিক নয়। মায়ামির তরুণ খেলোয়াড়দের দৌড়ঝাঁপও চারজন বয়সী তারকার শারীরিক সীমাবদ্ধতা পুরোপুরি ঢাকতে পারছে না।

যার ফল এ মৌসুমে বার বার ভুগতে হচ্ছে ক্লাবটিকে। এই অবস্থায় মাশচেরানোকে খুব দ্রুতই সঠিক সমাধান বের করতে হবে, না হলে প্রশ্নের মুখে পড়বে ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির সাফল্য।