কোনো ধরনের তদবির বা ঘুষ ছাড়াই, শুধুমাত্র শারীরিক সক্ষমতা ও মেধার ভিত্তিতে মাত্র ১২০ টাকা খরচে মাদারীপুরে ১৬ জন চাকরিপ্রার্থী পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন।
গতকাল বুধবার মৌখিক পরীক্ষা শেষে সন্ধ্যায় মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান নবনিযুক্ত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।
এর আগে, মাদারীপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই করা হয়। এ প্রক্রিয়ায় ২৭০টি পদের বিপরীতে লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪৫ জন প্রার্থী। তাদের মধ্য থেকে ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হন ৩৫ জন। পরবর্তী যাচাই-বাছাই শেষে ১৯ জনকে চূড়ান্তভাবে উত্তীর্ণ ঘোষণা করা হয়, যার মধ্যে ১৬ জন নিয়োগপ্রাপ্ত এবং ৩ জন অপেক্ষমাণ।
চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তদের মধ্যে ১৫ জন সাধারণ কোটায় এবং একজন নারী প্রার্থী মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়েছেন। জানা গেছে, এই ১৬ জনের সবাই দিনমজুর, অটোচালক বা তাদের সন্তান।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সরোয়ার হোসেন এবং মাদারীপুর জেলার পুলিশের সব পর্যায়ের কর্মকর্তারা।
নিয়োগপ্রাপ্তদের অভিনন্দন ও করণীয় বিষয়ে আয়োজিত ব্রিফিং সভায় পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, “আপনারা শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে আজ এই সম্মানজনক স্থানে এসেছেন। সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে আপনারা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন। এভাবেই গড়ে উঠবে একটি স্মার্ট বাংলাদেশ।”
নিয়োগপ্রাপ্তদের পুলিশ সুপার ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় কয়েকজন নবীন পুলিশ সদস্য আনন্দে আপ্লুত হয়ে আবেগে কেঁদে ফেলেন।