ছয় গোলের ম্যাচে গোলশূন্য মেসি; পয়েন্ট হারাল মায়ামি

ম্যাচজুড়েই যেনে গোলের উৎসব করে গেল দুই দল। কিন্তু কেউ কাউকে হারাতে পারেনি। সান হোসের বিপক্ষে মেজর সকার লিগের ম্যাচটি ৩-৩ গোলে ড্র করেছে মায়ামি। আগের ম্যাচেই তারা মিনেসোটার কাছে ৪-১ গোলে হেরেছিল। এবারও পয়েন্ট হারাতে হলো। সুপারস্টার লিওনেল মেসি এদিন গোল পাননি।

শুরু থেকেই জমজমাট হয়ে উঠেছিল ম্যাচ। প্রথম মিনিটেই গোল করে মায়ামিকে এগিয়ে দেন ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন। দুই মিনিট না যেতেই সান হোসে গোল পরিশোধ করে দেয়। মায়ামির জালে বল পাঠান কলম্বিয়ান ফুটবলার ক্রিস্টিয়ান আরাঙ্গো। ৩৭তম মিনিটে লেরক্সের গোলে এগিয়ে যায় সান হোসে।

প্রথমার্ধে আরও দুটি গোল হয়েছে। ৪৪তম মিনিটে ম্যাচে সমতা ফেরান তাদেও আলেন্দে। কিন্তু সান হোসে এত সহজে কেন ছেড়ে দেবে? প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফের সান হোসেকে এগিয়ে দেন ইয়ান হারকস। বিরতির পর ৫২তম মিনিটে আলেন্দের দ্বিতীয় গোলে ফের সমতায় ফেরে মিয়ামি। তবে এরপর কোনো দলই আর গোল করতে পারেনি। পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় মেসিদের।