প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজধানীর যাত্রাবাড়ী হাজী আব্দুল লতিফ ভূইয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. গোলাম কবির এ রায় দেন। দণ্ডিতরা হলেন- শামীম হোসেন, তার দুই সহযোগী নাজমুল এবং জিলকদ। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী কলেজে ভর্তি হওয়ার পর থেকে শামীম তাকে প্রেমের প্রস্তাব দিতে থাকেন। তবে ভুক্তভোগী তা প্রত্যাখান করেন। ২০১৬ সালের ১৫ মার্চ ওই শিক্ষার্থী রায়েরবাগের বাসা থেকে কলেজের উদ্দেশ্যে বের হন। ১১টার দিকে কলেজের গেটে পৌঁছান। সেখানে শামীম তার দুই সহযোগী নাজমুল এবং জিলকদ মাইক্রোবাসে এসে ওই শিক্ষার্থীতে তুলে নিয়ে তাকে মাতুয়াইলে নিয়ে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা ঘটনার দুদিন পর ১৭ মার্চ যাত্রাবাড়ী থানায় এ মামলাটি করে। মামলা তদন্ত করে ওই বছরের যাত্রাবাড়ী থানা পুলিশ তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ১২ জনের সাক্ষ্য শেষে আসামিদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেয়।