সেশনজট নিরসনসহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে ইনস্টিটিউটের পরিচালকের কক্ষে ও অফিসকক্ষে তালা দিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষার্থীদের অন্য দাবি দুটি হলো- অধ্যাপক রুবাইয়াত জাহান, সহকারী অধ্যাপক নাসরিন আহমেদ ও সহকারী অধ্যাপক মো. কামরুল হাসানের বিরুদ্ধে একটি নিরপেক্ষ ও শক্তিশালী সত্যানুসন্ধান কমিটি গঠন এবং শিক্ষার পরিবেশ রক্ষায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নিশ্চিত।
এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, শুরু থেকেই সেশনজটসহ নানা সমস্যা রয়েছে আমাদের। তবে আমরা আশাবাদী ছিলাম আমাদের নিজ ইন্সটিটিউট থেকে পরিচালক নিযুক্ত হলে সমস্যার সমাধান হবে। তবে তিনি শুধু আশার বাণী শোনান, কোনো কাজই করেন না।
নাম প্রকাশ না করার শর্তে ২০২১-২২ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী বলেন, আমাদের শিক্ষকেরা অনার্সের ক্লাস বাদ দিয়ে সান্ধ্যকালীন কোর্সের ক্লাস নেন। আমাদের সময়মত ক্লাস, পরীক্ষা, ফলাফল কিছুই হচ্ছে না। ফলে আমরা পিছিয়ে পরছি। আমাদের শিক্ষাবর্ষের অনেকে যেখানে তৃতীয় বর্ষের পরীক্ষা দিচ্ছে আমরা সেখানে দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিচ্ছি। আমার চাই আমাদের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশের মাধ্যমে আমাদের নিয়মিত ক্লাস পরীক্ষা নেওয়া হোক।
এ বিষয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক আকতার বানু বলেন, শিক্ষার্থীদের ব্যাপারে আমি খুবই পজেটিভ। চেষ্টা করছি ওদের দাবিগুলো পূরণ করার। কিন্তু সবসময় আমি চাইলেও সবকিছু করতে পারবো না। আমার আন্তরিকতার কোনো কমতি নেই। তবে তালা দেওয়া আমি ভালো সিদ্ধান্ত মনে করি না।