জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়নে আইএফসির সঙ্গে ইস্টার্ন ব্যাংকের পার্টনারশিপ

ইস্টার্ন ব্যাংক তাদের জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা সক্ষমতা উন্নত করার লক্ষে আন্তর্জাতিক অর্থ সংস্থা (আইএফসি)-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সম্পাদন করেছে। বাংলাদেশের ব্যাংকিং খাতে প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে ইবিএল আইএফসি’র সঙ্গে এ জাতীয় সহযোগিতা কার্যক্রমে যুক্ত হলো।

এই উদ্যোগের ফলে বর্তমান এবং পরিবর্তনশীল জলবায়ু ঝুঁকি মূল্যায়ন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে ইস্টার্ন ব্যাংকের সক্ষমতা বৃদ্ধি পাবে। এ ছাড়াও, ইবিএল-এর ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমকে  আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার মাধ্যমে  জলবায়ু-সম্পর্কিত আর্থিক প্রভাব মোকাবিলায় ব্যাংকের সামর্থ্য আরো জোরদার হবে।

সম্প্রতি ঢাকায় ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী  আলী রেজা ইফতেখার এবং আইএফসি’র দক্ষিণ এশিয়ার ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস গ্রুপের আপস্ট্রিম ও অ্যাডভাইজরি সার্ভিসেস বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক মেহদি চেরকাউই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

আলী রেজা ইফতেখার এ প্রসঙ্গে বলেন, ‘আইএফসির সহায়তায় বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে নিজস্ব কার্যক্রমেএকটি নিবেদিত জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো সংযুক্ত করতে পেরে আমরা গর্বিত। আইএফসি-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমাদের প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং টেকসই ও দায়িত্বশীল ব্যাংকিংয়ের প্রতি আমাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি আরও শক্তিশালী হবে।’

তিনি আরও বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে জলবায়ু-সম্পর্কিত আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনায় ইস্টার্ন ব্যাংকের সক্রিয় দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশে নিম্ন-কার্বন অর্থনীতি বাস্তবায়নে আমাদের সমর্থন ও নিষ্ঠার প্রতিফলন ঘটেছে।’

ডেনমার্ক সরকারের সহায়তায় বাংলাদেশ ক্লাইমেট অ্যাডভাইজরি পার্টনারশিপের আওতায় আইএফসি এই কার্যক্রমটি পরিচালনা করছে।