আসন্ন হজ মৌসুম উপলক্ষে সৌদি আরবের মক্কা নগরীতে হজযাত্রীদের আবাসনের সক্ষমতা বাড়িয়ে ১৮ লাখে উন্নীত করেছে দেশটির কর্র্তৃপক্ষ, যা সংখ্যার দিক থেকে এ যাবৎ পর্যন্ত সর্বোচ্চ। মক্কার মেয়র কার্যালয় ৩ হাজার ১৬১টি অনুমতিপত্র ইস্যু করেছে, যার আওতায় প্রায় ৪ লাখ ২৯ হাজার ২৩২টি কক্ষ হজযাত্রীদের আবাসনের জন্য প্রস্তুত করা হয়েছে। এসব কক্ষ এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে হজ মৌসুমে যথেষ্ট আরাম ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। হজ মৌসুম ঘনিয়ে আসার প্রেক্ষাপটে বিভিন্ন দেশ থেকে হজযাত্রীদের প্রথম দলগুলো সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন। গত ২৯ এপ্রিল মঙ্গলবার থেকে হজ ভিসা ছাড়া অন্য যেকোনো ধরনের ভিসাধারীদের জন্য মক্কায় প্রবেশ কিংবা অবস্থান করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই দিন ছিল বিদেশি ওমরাহযাত্রীদের সৌদি আরব ত্যাগের নির্ধারিত শেষ সময়। কারণ এবারের হজ আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে জুন মাসের শুরুতেই, ফলে হজ প্রস্তুতি আরও জোরদার করেছে সৌদি সরকার। সৌদি কর্র্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের পর যারা অবস্থান করবেন, তা হবে আইন লঙ্ঘন এবং এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই সতর্কবার্তা এমন এক সময় এসেছে, যখন কিছু বিদেশি নাগরিক ওমরাহ ভিসায় এসে তা দিয়ে অবৈধভাবে হজ পালনের চেষ্টা করছেন বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সৌদি হজ মন্ত্রণালয় ব্যক্তিগত পর্যায়ে আগত ও ওমরাহ এজেন্সিগুলোকে নির্ধারিত সময়ে হজযাত্রীদের দেশত্যাগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। গত বছর প্রায় ১৮ লাখ মানুষ হজ পালন করেছিলেন, যার মধ্যে ১৬ লাখের বেশি ছিলেন বিদেশি নাগরিক। সূত্র : গালফ নিউজ