সাইফুল হক বললেন

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়া আত্মঘাতী

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ কোনো সরকার আমাদের প্রধান সমুদ্রবন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে পারে না।

তা ছাড়া অন্তর্র্বর্তী সরকারের এত বড় জাতীয় স্বার্থসংশ্লিষ্ট এককভাবে সিদ্ধান্ত নেওয়ারও কোনো এখতিয়ার নেই।’ গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘চট্টগ্রাম সমুদ্রবন্দর আমাদের অর্থনীতির প্রধান লাইফলাইন। এই বন্দরের সঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয়ে যুক্ত রয়েছে। এই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বন্দর অভিজ্ঞতা ও দক্ষতার কথা বলে কোনোভাবেই আমরা বিদেশি কোম্পানির তত্ত্বাবধানে দিয়ে দিতে পারি না। শোনা যাচ্ছে, সরকার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল আরব আমিরাতের ডিপি ওয়ার্লকে লিজ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সরকার এই পদক্ষেপ পুরোপুরি অনাকাক্সিক্ষত ও জাতীয় স্বার্থের পরিপন্থী।’