ফয়েজ আহমদ বললেন

মোবাইল ইন্টারনেটের দাম না কমালে সরকার কঠোর হবে

মোবাইল অপারেটরগুলো ইন্টারনেটের দাম না কমালে সরকার কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, মোবাইল কোম্পানিগুলো যাতে ইন্টারনেটের দাম কমায়, সে জন্য পর্যাপ্ত রেগুলেটরি ও বাস্তবিক উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় অংশীজনরা অংশগ্রহণ করেছেন। তবে যারা এখনো অংশগ্রহণ করেননি, তাদের অংশগ্রহণ করা উচিত।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিটিআরসি আয়োজিত ওই সংবাদ সম্মেলনে মোবাইল কোম্পানিগুলোকে ইন্টারনেটের দাম কমানোর আহ্বান জানান ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, যদি অপারেটররা সহযোগিতা না করে, তাহলে তাদের সঙ্গে দ্বিপক্ষীয় যে নেগোসিয়েশন, সেগুলো তারা আলোচনার টেবিলে আনবেন। সেখানে অমীমাংসিত বকেয়াও উঠে আসবে। পারফরম্যান্স কেপিআইগুলোও তখন পর্যালোচনা করা হবে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, তারা কারও পথ ‘ব্লক’ করতে চান না। কিন্তু অংশীজনদের সঙ্গে আলোচনা করে তারা এমন একটা অবস্থানে পৌঁছাতে চান, যেখানে নাগরিকদের কম দামে মানসম্পন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া যায়।