যমুনা অভিমুখের সড়কে জবি শিক্ষার্থীরা, খোলা রয়েছে কাকরাইল মোড়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চার দফা দাবিতে তৃতীয় দিনও অবস্থান কর্মসূচি পালন করছেন। তবে তারা আজ কাকরাইল মোড়ে অবস্থান না নিয়ে প্রধান উপদেষ্টার ভবনের সড়কের মুখে অবস্থান নিয়েছেন। ফলে কাকরাইল মোড় খোলা রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শুক্রবার সকালে সেখানে গিয়ে দেখা যায়, শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী প্রধান উপদেষ্টার ভবনের রাস্তার মুখে অবস্থান নিয়ে ‘তুমি কে আমি কে’, ‘জবিয়ান জবিয়ান’, ‘বৈষম্যের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’ মতো স্লোগান দেয়।

আন্দোলনকারী শিক্ষার্থী তানভীর জানান, আপাতত জনভোগান্তি এড়াতে তারা একপাশে অবস্থান নিয়েছেন। তবে আরও শিক্ষার্থী আসছে এবং এরপর কাকরাইল মোড় অবরোধ করা হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আরেক শিক্ষার্থী রাজেন সালেহ বলেন, কিছু সময়ের মধ্যেই তাদের ঘোষিত সমাবেশ শুরু হবে। এছাড়া জুমার পর দাবি আদায়ে গণঅনশন কর্মসূচি শুরু করা হবে।

সকাল থেকেই শিক্ষার্থীরা বাসে করে কাকরাইল মোড়ে আসছেন। এ কর্মসূচি সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।