বড় জয়ে শিরোপার আরও কাছে মোহামেডান

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ শুক্রবার ১৫তম রাউন্ডের ম্যাচে মোহামেডান ৪-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। এই জয়ে লিগ শিরোপার আরও কাছে গেল মোহামেডান।

আগামীকাল ১৫তম রাউন্ডের ম্যাচে আবাহনী খেলবে ফর্টিসের বিপক্ষে। সেই ম্যাচে আবাহনী হেরে গেলে কালই শিরোপা নিশ্চিত হয়ে যাবে মোহামেডানের। তবে যদি আবাহনী নিজেদের ম্যাচে জয় পায়, তবু মোহামেডান তাদের পরের ম্যাচ জিতলেও নিশ্চিত হবে শিরোপা।

আজ কুমিল্লায় ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডানের হয়ে জোড়া গোল করেন সানডে ইমানুয়েল। এছাড়া একটি করে গোল করেন সোলেমান দিয়াবাতে ও মোজাফ্ফার মোজাফ্ফরভ।

১০ দলের বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচ শেষে ৩৮ পয়েন্টে শীর্ষে মোহামেডান। ১৪ ম্যাচে ২৮ পয়েন্টে দুইয়ে আবাহনী।