আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের তিনটি দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। আগামী সাত দিনের মধ্যে এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কাকরাইলে অবস্থানরত শিক্ষার্থীদের কাছে এসে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
ড. রেজাউল করিম বলেন, সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরাদ্দ বৃদ্ধি করে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আবাসন সংকট নিরসনে দ্রুত অস্থায়ীভাবে নির্মাণকাজ শুরু করা হবে। এছাড়া দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।
পরে অনশনরত শিক্ষার্থীদের পানি পান করানো হয়। তবে শিক্ষার্থীদের একটি বড় অংশ অনশন চালিয়ে যাচ্ছে।