জিগাতলায় ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

রাজধানীর হাজারীবাগের জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ছুরিকাঘাতে সামিউর রহমান আলভি (২৩) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন তার আরও তিন বন্ধু।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। পরে রাত ১০টার দিকে স্বজনরা রক্তাক্ত অবস্থায় আলভিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু মো. ইসমাইল হোসেন জানান, আলভি, রাব্বী, জাকারিয়া ও তিনি একসঙ্গে জিগাতলায় আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ করে ২০-২৫ জন যুবক এসে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আলভি সবচেয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আক্রমণের কারণ সম্পর্কে এখনও কেউ নিশ্চিত নয় বলে জানান আলভির বন্ধু ইসমাইল।

নিহতের মামী মাহি আক্তার জানান, আলভির গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তার বাবার নাম মশিউর রহমান। বর্তমানে সে রাজধানীর হাজারীবাগ বিজিবি ৫ নম্বর গেট সংলগ্ন প্রেম গলিতে পরিবারসহ বসবাস করছিল। আলভি ধানমন্ডির ড. মালিকা বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনা করছিলেন এবং পাশাপাশি গুলিস্তানের একটি মার্কেটে কাজ করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পিঠ ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।