‘আমি ভালো হতে পারলাম না, তাই নিজেই এই দুনিয়া থেকে চলে যাচ্ছি’ এমন চিরকুটে লিখে পৃথিবীর মায়া ছেড়ে বিদায় নিয়েছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মেহেদী হাসান আপন (১৬) নামে এক কিশোর। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঘটনা ঘটে।
গতকাল শুক্রবার দুপুরের দিকে সরিষাবাড়ি থানার ওসি রাশেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
আপন উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া গ্রামের ইটভাটার শ্রমিক শিপন মিয়ার ছেলে এবং বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। সে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
চিরকুটে আপন উল্লেখ করেছে, ‘শুরুতেই বলি সালাম নেবেন। আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, ক্ষতি করেছি, খারাপ ব্যবহার করেছি। আমি ছোট থেকেই খারাপ, নিজেকে কখনো ভালো করতে পারিনি। বাবার কথা রাখতে পারিনি, তার মনে অনেক কষ্ট দিয়েছি। বাবা, আপনার পা দুটি ধরে মাফ চাইতে পারলাম না। আমাকে মাফ করে দিয়েন। মা, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছে, অনেক বুঝিয়েছ। তবুও ভালো হতে পারলাম না। দাদার সম্মানও আমার জন্য হারিয়ে গেছে। আমি সবার মনে কষ্ট দিয়েছি।
বন্ধুদের বলি, তোদের সঙ্গে কত আড্ডা, কত আনন্দ করেছি। আমার কোনো কথায় কিছু মনে করিস না। আমার জানাজায় আসিস, আমার কবরে মাটি দিবি।
আমার কাছে যদি কেউ টাকা পেয়ে থাকে, তবে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভালো হতে পারিনি, তাই নিজেই পৃথিবী থেকে চলে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন। আপনাদের খারাপ সন্তান আর নেই। ইতি আপনাদের খারাপ ছেলে, আপন।’
এদিকে আপনের আত্মহত্যার খবরে তার স্কুলের সহপাঠী, শিক্ষক ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সবাই তাকে একজন প্রাণবন্ত, হাসিখুশি ছেলে হিসেবে জানতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে আপন প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষ করে কিছুক্ষণ দাদার ঘরে অবস্থান করে। পরে সে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পাওয়ায় তার মা ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পাশে পড়ে ছিল একটি দুই পৃষ্ঠার চিরকুট। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
সরিষাবাড়ী থানার ওসি রাশেদুল হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। চিরকুটে আত্মহত্যার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’