টাঙ্গাইলের এলেঙ্গা-ভূঞাপুর চরগাবসারা আঞ্চলিক মহাসড়কের ১২ কোটি টাকা বরাদ্দের সংস্কারকাজে ধীরগতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করাসহ নানা অভিযোগ উঠেছে। ফলে সড়কের কাজ নিম্নমানের হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। এতে এই সড়কে চলাচল করতে গিয়ে প্রতিদিনই বিকল হচ্ছে যানবাহন।
জানা গেছে, এলেঙ্গা-চরগাবসারা ভায়া ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কে ডাবল বিটুমিনাস সারভেস ট্রিটমেন্ট পদ্ধতিতে সংস্কারকাজের প্রকল্প গ্রহণ করে সড়ক ও জনপদ বিভাগ। প্রায় ১২ কোটি ৫৮ লাখ টাকার এই সংস্কারকাজ চলতি বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এতে পাথর, বিটুমিন ও কেরোসিনের সংমিশ্রণে সড়কে কার্পেটিং করার অভিযোগ উঠেছে। ২২ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় ইতিমধ্যে ৯ কিলোমিটারের কাজ শেষ করা হয়েছে। তবে সড়কে খানাখন্দ ও ফাটল সংস্কার না করেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করে এভাবেই কার্পেটিং করায় বেশিদিন সুফল না পাওয়ার আশঙ্কা সড়ক ব্যবহারকারীদের। এর আগেও গত বছর দুইবার এই সড়কের সংস্কার করেছে সওজ কর্তৃপক্ষ।
সিএনজিচালক জাহিদ জানান, অন্য চালকরা যখন যাত্রী নিয়ে গাড়ি চালিয়ে উপার্জন করছেন সেখানে তিনি ক্ষতিগ্রস্ত গাড়ি মেরামত কাজে ব্যস্ত। সড়ক সংস্কারকাজের কারণে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভূঞাপুর থেকে এলেঙ্গা যাওয়ার পথে পালিমা ব্রিজ এলাকায় তার গাড়ির চাকা ফেটে যায়। পরে একটি নতুন চাকা কিনে লাগানোর কাজ করছেন তিনি নিজেই। শুধু জাহিদই নয় তার মতো অনেক চালকই সড়কের সংস্কারকাজের কারণে পরিবহন বিকল হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জাহিদ জানান, সপ্তাহে তিনবার চাকা পরিবর্তন করতে হয়েছে। যেভাবে সড়কের কাজ করছে তাতে চালকদের গাড়ি নষ্ট হচ্ছে। এতে সারা দিনে যে উপার্জন হয় তাতে সংসার চলে না। তীব্র রোদের মধ্যে সড়কে গাড়ি মেরামত করতে হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, এলেঙ্গা-ভূঞাপুর সড়কের কুচটি এলাকায় সংস্কারকাজ করছে ঠিদাকারের লোকজন। আগে কার্পেটিং করা পাথরের ওপর ছোট পাথর দিয়ে আবার কার্পেটিং করা হচ্ছে। এতে সড়কে ফেলা পাথরগুলো গাড়ির চাকায় উঠে আসছে।
ঠিকাদারের দাবি ৩৫ ভাগ পাথর উঠে পড়বে। তবে সেই পাথরগুলো সড়কেই থাকবে। একসময় সে পাথরগুলো সড়কে লেগে যাবে।
পরিবহন চালকরা জানান, আগের সড়কটিই ভালো ছিল। তবে যে অংশটুকু খানাখন্দ বা ফাটল ধরেছিল সেটাই সংস্কার করা দরকার ছিল। এভাবে পুরো সড়কে পাথর ছিটিয়ে কাজ করা ঠিক হয়নি। স্থানীয়রা জানান, সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার না করে এভাবে ভালো সড়ক সংস্কারের নামে নিম্নমানের কাজ করায় সরকারের কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে। এতে ঠিকাদার ও কর্মকর্তারা লাভবান হচ্ছেন।
সড়কের সাব ঠিকাদার ফারুক হোসেন বলেন, নিয়ম অনুযায়ী সড়কের সংস্কারকাজ হচ্ছে সওজ কর্তৃপক্ষের নিদের্শেই। অনেকেই বোঝেনি তাই হয়তো এমন কথা বলছে। কাজটাই এভাবে করতে হবে।
টাঙ্গাইলের সড়ক ও জনপদ বিভাগ বিভাগের কার্য সহকারী রুবেল হোসেন জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবেই কাজ হচ্ছে। বিটুমিনের কাজ এভাবেই হয়।
টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরি খান জানান, সংস্কারকাজের মান ভালো হচ্ছে।
বরাদ্দ কম থাকায় ডাবল বিটুমিনাস সারভেস ট্রিটমেন্টের মাধ্যমে সংস্কারকাজ করা হচ্ছে। এতে পরিবহনগুলো সড়কে বেপরোয়াভাবে চলাচল করতে পারবে না।