ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের ৮ দিনের মাথায় স্ত্রীর হাতে খুন হয়েছেন স্বামী। শুক্রবার গভীর রাতে পৌর এলাকার মসজিদ পাড়ায় এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই নারী হত্যার কথা স্বীকার করে দুটি কারণ বলেছেন। নিহত ব্যক্তি মো. হাসান মিয়া (২৮)। কুমিল্লার এই যুবক আখাউড়া পৌরসভার মসজিদ পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। আটক নারী আখাউড়া পৌরসভার শান্তিনগর গ্রামের জান্নাত আক্তার (২৩)। পুলিশ ভোরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে শনিবার বেলা ১২টা পর্যন্ত কোনও মামলা হয়নি।
আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন আটক স্ত্রীর বরাত দিয়ে জানান, গত ৯ মে তাদের বিয়ে হয়। আরেকটি ছেলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর স্বামী বেশি বেশি শারীরিক সম্পর্ক করলে সেটি তিনি মেনে নিতে পারছিলেন না। শুক্রবার রাতে একাধিকবার শারীরিক সম্পর্কে আপত্তি জানান তিনি। স্বামী এতে রাগ করলে কৌশলে তাকে ঘুমের ওষুধ খাওয়ান। পরে বালিশ চাপা দিয়ে স্বামীকে হত্যা করেন।