কুমিল্লার নাঙ্গলকোটে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সৈয়দ আহম্মেদ (৫৫) ও তার স্ত্রী নার্গিস বেগমকে (৪৫) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একই বাড়ির আজাদ ও আলমগীরের বিরুদ্ধে। শনিবার (১৭ মে) উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের দৌলখাঁড় গ্রামের বোবা দরবেশ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত সৈয়দ আহম্মেদ ওই গ্রামের মৃত ছোয়াব মিয়ার ছেলে। ঘটনার পর প্রথমে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে সৈয়দ আহম্মেদ ও একই বাড়ির আব্দুল কাদেরের ছেলে আজাদ গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার নিজের জায়গার গাছের ডাল কাটতে গেলে আজাদ ও আলমগীর বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আজাদ ও আলমগীর ধারালো অস্ত্র দিয়ে সৈয়দ আহম্মেদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এ সময় বাধা দিতে গেলে নার্গিস বেগমকেও মারধর করে তার বাম হাত ভেঙে দেওয়া হয়।
আহত সৈয়দ আহম্মেদ বলেন, নিজের জায়গার গাছের ডাল কাটতে গেলে আজাদ ও আলমগীর বাধা দেন। পরে তারা আমাকে কুপিয়ে জখম করেন। আমার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও মারধর করে হাত ভেঙে দেয়। আমি সুষ্ঠু বিচার চাই।
অন্যদিকে অভিযুক্ত আজাদ বলেন, ওই গাছের ডাল কাটতে বাধা দিলে সৈয়দ আহম্মেদ আমাদেরও মারধর করে। আমরা চিকিৎসা নিচ্ছি।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, জায়গা-জমি নিয়ে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ আছে। আমরা ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।