কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে ওয়াহেদ শাব্বির (১৮) নামে এক কলেজছাত্র চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। শুক্রবার (১৬ মে) বেলা আড়াইটার দিকে নগরের হালিশহর নয়াবাজার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শাব্বির বর্তমানে চমেক হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন বলে জানিয়েছেন তার চাচাতো ভাই মোহাম্মদ এরশাদ।
শাব্বির হালিশহর নয়াবাজার আমিন কন্ট্রাক্টর রোড এলাকার মো. ইসহাক কন্ট্রাক্টরের একমাত্র ছেলে। লাইফ সাপোর্টে যাওয়ার আগে আজ শনিবার দুপুরে চ্যানেল ২৪ এর এক সাংবাদিকের কাছে হামলাকারী কয়েকজন কিশোর গ্যাং সদস্যদের নাম বলেছেন শাব্বির।
শাব্বির জানান, ‘বড়ভাই’ হিসেবে না মানায় কিশোর গ্যাং নেতা আবিদের নেতৃত্বে ৩০/৪০জন তার উপর অতর্কিত হামলা চালায়।
হামলা ও মারধরের একপর্যায়ে কিশোর গ্যাং সদস্য আতাউল তাকে (শাব্বির) পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে। হামলার নেতৃত্বে বিজয় ও রাফসান নামে কিশোর গ্যাংয়ের আরও দুই সদস্য জড়িত থাকার কথাও জানান শাব্বির। এ ঘটনা সম্পর্কে জানতে হালিশহর থানার ওসি মো. মনিরুজ্জামানের মোবাইলে আজ শনিবার বিকেলে এখাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
স্থানীয় সূত্র জানায়, শাব্বিরের ওপর হামলা চালিয়ে সন্ধ্যার দিকে কিশোর গ্যাং সদস্যরা এলাকায় উল্লাস করেছে। আবিদ, আতাউল, বিজয়, রাফসানের নেতৃত্বে উক্ত এলাকায় ৪০/৫০জনের একটি গ্রুপ রয়েছে। এদের নেতৃত্বে এলাকায় প্রায় প্রতিদিন চাঁদাবাজি, মারামারি ও অস্ত্রবাজির ঘটনা ঘটছে। এদের দমনে পুলিশ দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।