মোস্তফা জামান বললেন

খেলাধুলা বিএনপির রাজনীতির একটি অবিচ্ছেদ্য অংশ

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, খেলাধুলা শুধু বিনোদনের জন্য নয়, এটি বিএনপির রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। গতকাল শনিবার ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ‘জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের’ উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। খিলক্ষেত থানার তলনা রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচে অংশ নেয় হাতিরঝিল থানা বনাম রামপুরা থানা।

মোস্তফা জামান বলেন, ‘বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার খেলার মাঠগুলো অবৈধভাবে দখল করে সেখানে ইট-বালুর ব্যবসা চালিয়েছে। কিন্তু সেই সরকারের পতনের পর বিএনপির নেতৃত্বে আমরা সেই মাঠগুলো পুনরুদ্ধার করব এবং ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনব।’

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সমন্বয়ক আখতার হোসেন, পারভেজ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।