৫ বছর পর সরকারি রাস্তা উদ্ধার করলেন গ্রামবাসী

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের পাঁচটি ওয়ার্ডের ৩০ গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষের আসা যাওয়ার একমাত্র সড়কটি দখল হওয়ার পর দীর্ঘ প্রায় ৫ বছর পর পুনরুদ্ধার করেছেন স্থানীয় গ্রামবাসী। গতকাল শনিবার সকাল থেকেই রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবো-দক্ষিণবাগ গোপালী বাড়ি এলাকার শত শত জনগণ একত্রিত হয়ে সড়কটি দখল করে এর ওপর নির্মিত বেক্সিমকো নামক কোম্পানির অবৈধ বাউন্ডারি দেয়াল ভেঙে ফেলেন। এ সময় আবাসন কোম্পানি সী-সেল গ্রুপের দখলে থাকা সড়কের জমিও এলাকাবাসীকে বুঝিয়ে দেন তারা।

স্থানীয়রা জানান, ১৯৬৫ সালে উপজেলার গুতিয়াবো এলাকায় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ভবনটি নির্মিত হয়। প্রায় ১৬ বছর আগে সরকারি অর্থায়নে  রূপগঞ্জ ইউনিয়নের পাঁচটি ওয়ার্ডের ৩০ গ্রামের জনগণ ইউনিয়ন পরিষদে নানা সুবিধা অসুবিধার জন্য আসা যাওয়ার জন্য গুতিয়াবো ইউনিয়ন পরিষদ থেকে দক্ষিণবাগ গোপালীবাড়ী পর্যন্ত প্রায় ১ কিলোমিটার আধা পাকা সড়কটি নির্মিত হয়। এমনকি সড়কে নির্মাণ করা হয়েছিল পাশাপাশি দুটি কালভার্ট। যা আজ বিলুপ্তির পথে।

এদিকে গত প্রায় ৫ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ গোপালীবাড়ী বাড়ী এলাকায় সড়কের প্রবেশ মুখে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে সড়কে জনগণের চলাচলের পথ রোধ করে। আর সেই সুযোগে সী-সেল নামক আরেকটি আবাসন কোম্পানি সড়কের বাকি অংশ বালু দিয়ে ভরাট করে নিজেদের দখলে নিয়ে নেন।এরপর দীর্ঘদিন বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানানো হলেও সড়কটি পুনরুদ্ধারের কোনো প্রতিকার মেলেনি। এমনকি হয়রানির স্বীকার হতে হয়েছে অনেক এলাকাবাসী। এ ছাড়া সড়কটি সংস্কারের জন্য গত অর্থ বছরে সরকারিভাবে ৩৪ লাখ টাকা বরাদ্দ আসে। সেই বরাদ্দও এখন সরকারি কোষাগাঢ়ে ফিরে যাওয়ার পথে।

কোনো উপায় না দেখে বাধ্য হয়ে শনিবার শত শত এলাকাবাসী কোদাল, শাবল, হামার, হাতুড়ি, পাতি যার যা কিছু আছে সঙ্গে নিয় একত্রিত হয়ে বেক্সিমকোর নির্মাণাধীন বাউন্ডারি দেওয়ার ভেঙে ফেলে। এ সময় কোনো উপায় না দেখে বাধ্য হয়ে সী-সেল গ্রুপের দখলে থাকা রাস্তার জমি ছেড়ে দেয় সী-সেল কর্তৃপক্ষ। রাস্তাটি পুনরুদ্ধার হওয়ার পর এলাকায় স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।