ইশরাক সমর্থকদের নগর ভবনে অবস্থান, সচিবালয় অভিমুখে মিছিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব হস্তান্তরের দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। রবিবার সকাল ৯টা থেকে নগর ভবনের সামনে শুরু হয় কর্মসূচি। পরে বেলা ১২টা ২০ মিনিটে তারা সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে রওনা দেন। মিছিলটি সচিবালয় ও জাতীয় প্রেসক্লাব এলাকা ঘুরে পুনরায় নগর ভবনের সামনেই এসে অবস্থান নেয়।

মিছিলের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান গ্রহণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগর ভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে, অবস্থান কর্মসূচির কারণে গুলিস্তান মাজার গেট থেকে বঙ্গবাজারমুখী সড়কের উভয়পাশে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা, যারা বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’ ব্যানারে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে সমর্থকরা সকাল থেকেই নগর ভবনের সামনে এসে জড়ো হন। তাদের অভিযোগ, ২০২০ সালের সিটি নির্বাচনে ভোটাররা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে নির্বাচিত করেছিলেন। কিন্তু নির্বাচনের ফল জালিয়াতির মাধ্যমে তাকে পরাজিত দেখানো হয়।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল বিএনপির বৈদেশিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বৈধ মেয়র ঘোষণা করে রায় দেন। ওই রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন (ইসি) গত ২৭ এপ্রিল একটি গেজেট প্রকাশ করে, যেখানে ইশরাককে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা করা হয়।

তবে গেজেট প্রকাশের পর প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো ইশরাকের শপথ গ্রহণ হয়নি। সমর্থকদের অভিযোগ, স্থানীয় সরকার মন্ত্রণালয় নানা অজুহাতে তার দায়িত্ব গ্রহণ প্রক্রিয়া বিলম্বিত করছে এবং শপথ গ্রহণ অনুষ্ঠানও আলস্যে ঠেলে দিচ্ছে। এই প্রতিবাদেই গত ১৪ মে থেকে তারা শান্তিপূর্ণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, ইশরাক হোসেন বিএনপির প্রয়াত নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।