সাকিবের ১৬৯ দিনের অপেক্ষা ঘুচতে যাচ্ছে আজ?

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দীর্ঘদিন ধরে দেশের হয়ে খেলতে পারেন না সাকিব আল হাসান। এমনকী বিপিএলেও তার খেলা হয়নি। এর মাঝেই পেরিয়ে গেছে ১৬৯ দিন। চলতি পিএসএলের মাঝপথে তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। আজ রবিবার লাহোর মুখোমুখি হবে পেশোয়ার জালমির। ম্যাচটিতে সাকিবের খেলার সম্ভাবনা উজ্জ্বল।

গত বছরের ৩০ নভেম্বর আবুধাবি টি-টেন লিগে সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা গেছে সাকিবকে। লম্বা সময় খেলার বাইরে থাকা সাকিব মাঠে নামার সুযোগ খুঁজছিলেন। যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত আরব আমিরাতে এসে নিজ উদ্যোগে অনুশীলন করে নিজেকে প্রস্তুত রেখেছেন। এর মাঝে ইংলিশ কাউন্টি খেলে বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় নতুন সংকটে পড়েন সাকিব। তিন দফা পরীক্ষার পর বোলিংয়ের অনুমতি পান।

এদিকে ভারত-পাকিস্তান যুদ্ধের পর পিএসএল ফের চালু হলে বিদেশি ক্রিকেটারের বিকল্প হিসেবে সাকিবকে দলে নেয় লাহোর। আজ রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোর-পেশোয়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে। সব কিছু ঠিক থাকলে ম্যাচটিতে দেখা যাবে বাংলাদেশের ইতিহাসের সফলতম ক্রিকেটারকে। উল্লেখ্য, বাংলাদেশের হয়ে সর্বশেষ তিনি মাঠে ছিলেন গত বছর অক্টোবরে কানপুর টেস্টে।