মাদারীপুরে বোমা বিস্ফোরণ, হামলা ও লুটপাটের অভিযোগ

‎মাদারীপুরের ঝিকরহাটি এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। রবিবার সকালে সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আইয়ুব খান ও জাহাঙ্গীর খানের লোকজনের মধ্যে কথা কাটাকাটির পাশাপাশি হাতাহাতি হয়।  এ ঘটনায় আজ সকালে প্রথমে জাহাঙ্গীর খানের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। পরে জাহাঙ্গীর খানের সমার্থকরা আইয়ুব খানের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে হামলা ও লুটপাট করার অভিযোগ করেছে। অপর দিকে এ অভিযোগ অস্বীকার করে উল্টো তার উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন জাহাঙ্গীর খান।

‎হামলার ঘটনায় ভুক্তভোগী আইয়ুব খান বলেন,  ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির পাশাপাশি হাতাহাতিও হয়। আমাদের ছেলেরা সবাই বিদেশে থাকে কেউ বাড়িতে থাকে না এবং এই সুযোগে আজ সকালে আমাকে মারার উদ্দেশ্যে জাহাঙ্গীর খানের নেতৃত্বে বাড়িতে বোমা বিস্ফোরণ হামলাও লুটপাট করে। পরে তিনি আরো বলেন যারা এর সঙ্গে জড়িত আমি তাদের সঠিক বিচার চাই। 

অপরদিকে অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর খান বলেন, আইয়ুব খান ও তাদের লোকজন আমাদের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমরা কারো বাড়িতে হামলা করিনি বরং তারা আমার উপর বোম (ককটেল) মারলে আমি আহত হয়। আমার পায়ের অবস্থা ভালো না।  চিকিৎসা করানোর জন্য আমি হাসপাতালে আছি।

‎এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং দুই পক্ষকেই শান্ত থাকার জন্য পরামর্শ দিয়েছি। উভয় পক্ষই বর্তমানে শান্ত রয়েছে।  এখন পর্যন্ত দুপক্ষের কেউ এখনো কোনো অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যদি অভিযোগ না করে তাহলে আমাদের মত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।