আমীর খসরু

দেশ এখন এক অনিশ্চিত অবস্থার মধ্যে আছে

নির্বাচনে যত দেরি হবে, দেশকে তত অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশ এখন এক অনিশ্চিত অবস্থার মধ্যে আছে। দেশ কোথায় যাচ্ছে, কেউ জানে না।

রবিবার (১৮ মে) রাজধানীর বনানীর হোটেলে সেরিনায় সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, এই সরকার কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার। তাদের মূল দায়িত্ব, মূল কর্তব্য হচ্ছে দেশে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা, গণতান্ত্রিক অর্ডারে দেশকে নিয়ে যাওয়া।

তিনি বলেন, এদেশের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সবাই মিলে ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন ঘটিয়েছে, স্বৈরাচার পালিয়েও গেছে। এরপর গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনার যে প্রত্যাশা ছিল, তা এখনো হয়নি। জনগণ এজন্য শঙ্কায় আছে।

জনগণ মনে করে, সরকার আস্থা হারাচ্ছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচনের জন্য ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন? আমি তো দেখছি, ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নেই। নির্বাচনের জন্য তিন মাস সময় নিয়ে এগিয়ে যাওয়া দরকার। আগস্ট, সেপ্টেম্বর বা অক্টোবরে নির্বাচন হতে পারে।

তিনি বলেন, সরকার 'করিডোর'র সিদ্ধান্ত নিয়ে দেশকে একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছে এবং বিনিয়োগ সম্মেলন করছে, যা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। এগুলো কি জন্য? তারা সময় নষ্ট করছে। এগুলো দেখিয়ে তারা কী বোঝাতে চাচ্ছে? চট্টগ্রাম পোর্ট হ্যান্ডওভার করছে। এই সমস্ত সিদ্ধান্তে তারা কি বোঝাতে চাচ্ছে? তাদেরকে ম্যান্ডেট কে দিয়েছে?