জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিল করার দাবিতে বেনাপোল কাস্টম হাউজে চতুর্থ দিনের কলমবিরতি কর্মসূচি শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
গতকাল রবিবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ছয় ঘণ্টা চলে এ কলমবিরতি।
এর আগে একই দাবিতে গত ১৪, ১৫ ও ১৭ মে কলমবিরতি কর্মসূচি পালন করেন বেনাপোল কাস্টম হাউজের কর্মকর্তা-কর্মচারীরা। তিন দিনের কলমবিরতির শেষদিন ছিল গত শনিবার।
তবে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল না করায় শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষে ফের রবিবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত কলমবিরতির ঘোষণা দেন উপ-কর কমিশনার নিপুণ চাকমা।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, কলমবিরতিতে স্থবির হয়ে পড়েছে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। এতে রাজস্ব আদায় ও সেবা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। যে কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ও পণ্য খালাস বন্ধ রয়েছে। তিনি আরও জানান, সকাল থেকে ভারতীয় কোনো পণ্য চালান বেনাপোল বন্দরে প্রবেশ করেনি।
বেনাপোল কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা আব্দুস সামাদ জানান, আমরা চতুর্থ দিনের কলমবিরতি শুরু করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে।