প্রিসি ট্রেনিংয়ের মাধ্যমে সিডিসি প্রদান, বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ এবং প্রশিক্ষণের মান উন্নয়নের দাবিতে তিন দফা আন্দোলনে নেমেছে মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে চলছে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি।
সোমবার সকাল থেকেই মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার বড়লিয়া গ্রামে অবস্থিত মুন্সীগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম বর্জন করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে অংশ নেয় শিক্ষার্থীরা। এ সময় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন শ্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও চাঁদপুরসহ দেশের ছয়টি জেলায় মেরিন ইনস্টিটিউট থাকলেও সেখানে পর্যাপ্ত প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই। ডিপ্লোমা ডিগ্রি অর্জন করলেও ভবিষ্যতের চাকরি নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। এসব সংকট দূরীকরণে নৌপরিবহন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
মুন্সীগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের এই ন্যায্য দাবিগুলো অতীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সামনে উপস্থাপন করা হয়েছিল। কিন্তু সেগুলো বাস্তবায়নে কোনো অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। তবে তিনি আশাবাদী, এবার দ্রুত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যাবে।