করোনাভাইরাস মহামারীর কথা লোকে হয়তো ভুলেই গিয়েছিল। লকডাউন, সামাজিক দূরত্ব বজায় রাখার কথা আর শোনা যায় না। সেই ভুলে যাওয়া মহামারীকেই যেন মনে করিয়ে দিলেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার এই মারকুটে ওপেনার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইপিএল থেকে ছিটকে গেছেন।
ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। বিদেশি ক্রিকেটাররা নিজ নিজ দেশে চলে গিয়েছিলেন। পরবর্তীতে খেলা শুরু হলেও অনেকেই আর ভারতে যাননি। কেউ যুদ্ধের ভয়ে, আবার কেউ জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য নিজেকে সরিয়ে নেন। এবার সানরাইজার্স হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেট্টরি দুঃসংবাদ দিলেন হেডকে নিয়ে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হায়দরাবাদ কোচ ভেট্টরি বলেছেন, ‘ট্রাভিস হেড আগামীকাল (আজ) সকালে আসবে। আসলে সে কোভিডে আক্রান্ত। এ কারণে আগে আসতে পারেনি। আসার পরেই আমরা জানতে পারব সে কেমন আছে। পুরোপুরি সেরে উঠলেই তাকে দলে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে। আশা করছি পরের ম্যাচে তাকে পাওয়া যাবে।’
এবারের আইপিএলে অবশ্য মোটেও ভালো পারফর্ম করতে পারেননি হেড। পারেননি। ১০ ইনিংসে ২৮.১০ গড়ে করেছেন ২৮১ রান। সর্বশেষ চার ইনিংসের একটিতেও ৩০ ছুঁতে পারেননি। তার দল সানরাইজার্স হায়দরাবাদ তিন ম্যাচ বাকি থাকতেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। ধারণা করা হচ্ছে, বিমানে ভারত থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া-আসার পথে সিঙ্গাপুর বা হংকংয়ে করোনায় আক্রান্ত হয়েছেন হেড।