হিলিতে বোরো মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

দিনাজপুরে হাকিমপুরের হিলিতে চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষক ও মিলারদের নিকট থেকে ন্যায্যমূল্যে অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১১টায় হাকিমপুর উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে হিলি এলএসডি খাদ্যগুদাম চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। উপজেলার বিশাপাড়া গ্রামের কৃষক আল ইমরানের নিকট থেকে ৩টন ধান ক্রয়ের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় সেখানে উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা বানু, খাদ্যগুদাম কর্মকর্তা সাজেদুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।  

হিলি এলএসডি খাদ্যগুদাম কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, চলতি মৌসুমে উপজেলায় ৩৬টাকা কেজি দরে সরাসরি কৃষকদের নিকট থেকে ৫৪৮টন ধান ও ৪৯টাকা কেজি দরে চুক্তিবদ্ধ ১৪জন মিলারদের নিকট থেকে ৪০৯টন চাল ক্রয় করা হবে। আগামী ৩১ শে আগষ্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান কার্যক্রম চলবে বলেও জানিয়েছেন তিনি।