লিটনদের পাকিস্তান সফরে সীমান্তবর্তী স্টেডিয়ামে না খেলার পরামর্শ সরকারের

ভারত-পাকিস্তান সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা দেখা দিলেও, শেষ পর্যন্ত সফরের জন্য সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সীমান্তবর্তী স্টেডিয়ামগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সরকার।
সোমবার জাতীয় ক্রীড়া পরিষদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, 

'পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবি এনএসসির কাছে জানতে চেয়েছিল। এনএসসি থেকে পরবর্তীতে পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। পাকিস্তান দূতাবাস থেকে ইতিবাচক রিভিউ এসেছে। এরপরও আমরা বিসিবিকে একটা নির্দেশনা দিয়েছি যেন সীমান্তবর্তীয় স্টেডিয়াম এড়িয়ে চলা যায়। বিসিবি এই ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছে।'

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

এদিকে বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে এ বছরের অক্টোবরে। তবে নির্বাচনটি জুন-জুলাইয়ে এগিয়ে আনার সম্ভাবনা রয়েছে। এর আগে বিসিবি গঠনতন্ত্র সংস্কারের উদ্যোগ নিলেও ঢাকার ক্লাবগুলোর বিরোধিতার মুখে সেই প্রক্রিয়া স্থগিত করা হয়।

গঠনতন্ত্র সংস্কার প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, 'রিফরমেশন কখনো সহজ প্রক্রিয়া নয়। সহজ হলে আমরা ৫৩ বছর পর এসে এই বিষয়ে কথা বলতাম না। অবশ্যই আমরা গঠনতন্ত্র সংস্কারে যাব। আমাদের হাতে সময় আছে, কোন প্রক্রিয়ায় করব তা নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা করব।'