এখন আর কারও একাধিক এনআইডি নেই: ডিজি

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, বাংলাদেশে জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁস রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যে ডেটা সেন্টারে বাংলাদেশের নাগরিকদের তথ্য সংরক্ষণ করা হয়েছে, সেটি এখন পরিপূর্ণ নিরাপদ।

আজ সোমবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

জাতীয় পরিচয় নিবন্ধনের মহাপরিচালক বলেন, মেইনটেইন্সের ধারাবাহিকতায় ডেটা সেন্টার নিজস্ব জলবল দিয়ে চেক করা হয়েছে। কোনও সুবিধা-অসুবিধা রয়েছে কি না, আপডেটেড রয়েছে কি না। আমাদের অবস্থান থেকে যতগুলো ইনোশিয়েটিভ নেওয়া দরকার, সে ব্যবস্থাগুলো নিয়েছি। এখন আমাদের এ ডেটা সেন্টার পরিপূর্ণ নিরাপদ।

নাগরিকদের মধ্যে এতদিন যাদের দুটি করে জাতীয় পরিচয়পত্র ছিল, তাদের মধ্যে একটি বাতিল করা হয়েছে জানিয়ে তিনি বলেন, একই ব্যক্তির দুটি এনআইডি বা ভোটার তালিকায় দুটি তথ্য রয়েছে-ইসির সিদ্ধান্তক্রমে প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল করে দিয়েছি। এ মুহূর্তে আমাদের জানা মতে দুটি এনআইডি আর কারও নেই।