জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর দুই ভাগ করা অধ্যাদেশ বাতিলের দাবিতে চলা আন্দোলন সাময়িক প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্ল্যাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনবিআরের উপকমিশনার (কর) সাইফুল ইসলাম, উপকমিশনার (কাস্টমস) ইমাম গাজ্জালী ও উপকমিশনার (কর) মোস্তাফিজুর রহমান।
ইমাম গাজ্জালী বলেন, আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের সানুগ্রহ নির্দেশনায় সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পেয়েছি। আগামীকাল বিকেল সাড়ে তিনটায় এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অর্থ উপদেষ্টাসহ উপদেষ্টামণ্ডলীর কয়েকজন সম্মানিত সদস্য এতে অংশগ্রহণ করবেন।
তিনি বলেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত এবং আমাদের একটি প্রতিনিধিদল সে আলোচনায় অংশগ্রহণ করবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই আলোচনার আহ্বানের প্রেক্ষিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মসূচি আগামীকাল সাময়িক বিরতি থাকবে এবং আগামীকালের আলোচনার অগ্রগতির ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে গত সোমবার (১২ মে) মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করার বিষয়ে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। গত ১৭ এপ্রিল উপদেষ্টা পরিষদে খসড়া অনুমোদনের ২৫ দিন পর এই অধ্যাদেশ জারি করা হয়।
এর প্রতিবাদে প্রথম দফায় বুধবার, বৃহস্পতি ও শনিবার কলম বিরতি পালন করেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। একই কর্মসূচি ছিল পরের দিনও। তারপর তৃতীয় দফায় সোমবারের কর্মসূচি বাড়ানো হয়। দেশের সব কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট ও শুল্ক স্টেশনসহ এনবিআরের সব দপ্তরে কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে।