ট্রাম্প-পুতিনের ফোনালাপ

যুদ্ধ বন্ধে শিগগিরই আলোচনা শুরু করবে রাশিয়া ও ইউক্রেন

ইউক্রেন যুদ্ধ বন্ধে অচলাবস্থার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপ শেষে ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন শিগগিরই যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করবে।

স্থানীয় সময় সোমবার (১৯ মে) সন্ধ্যায় তাদের মধ্যে এই ফোনালাপ শুরু হয় বলে জানিয়েছে হোয়াইট হাউস।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ভ্লাদিমির পুতিন দক্ষিণ রাশিয়ার পর্যটন শহর সোচির একটি বিদ্যালয় থেকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে যুক্ত হন। পুতিন আজ সেখানে একটি স্থানীয় শিক্ষা কেন্দ্র পরিদর্শন গিয়েছেন।

দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ ফোনালাপকে ‘তাৎপর্যপূর্ণ, খোলামেলা ও খুবই ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসময় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকার জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার অবস্থান তুলে ধরেছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমার পক্ষ থেকে জানিয়েছি— রাশিয়াও ইউক্রেনীয় সংকটের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। আমাদের কেবল শান্তির দিকে এগিয়ে যাওয়ার সবচেয়ে কার্যকর উপায়গুলো নির্ধারণ করতে হবে।’

পুতিনকে উদ্ধৃত্ত করে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব বার্তা সংস্থা আরআইএ নভোস্তি বলছে, তিনি যুদ্ধ বন্ধকে সমর্থন করেন। তবে শান্তির পথে সবচেয়ে কার্যকর পথ বিকাশের প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘তার দেশ যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য একটি ইউক্রেনের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’ এক্ষেত্রে সব পক্ষের কাছে গ্রহণযোগ্য সমঝোতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস বলছে, এর ফলে প্রাসঙ্গিক ঐক্যে পৌঁছালে নির্দিষ্ট সময়ের জন্য সম্ভাব্য যুদ্ধবিরতিও সম্ভব হবে।

এর আগে সোমবার মস্কোয় এক প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই ফোনালাপের মূল উদ্দেশ্য হলো গত সপ্তাহে ইস্তাম্বুলে অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার ফলাফল নিয়ে আলোচনা করা।

তিনি বলেন, ‘ইস্তাম্বুলে আলোচনার বিষয়ে আমরা ইতোমধ্যেই আমাদের মূল অবস্থান স্পষ্ট করেছি। ফোনালাপের পর আমরা সবাইকে একটি পূর্ণাঙ্গ বিবৃতি দিতে পারব’।

এদিকে পুতিনের সঙ্গে দুই ঘণ্টার কথোপকথনের পর ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সেখানে তিনি লিখেছেন, আলোচনা ‘খুব ভালোভাবে শেষ হয়েছে’। রাশিয়া ও ইউক্রেন শিগগিরই যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করবে। আরও গুরুত্বপূর্ণ যুদ্ধ শেষের জন্য আলোচনা শুরু করবে। এর জন্য শর্তগুলো নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হবে।’

পুতিনের সঙ্গে ফোনালাপের পর তিনি ইউক্রেনের জেলেনস্কি এবং অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গেও কথা হয়েছে বলে জানান ট্রাম্প।