শরীরে বেশ কিছু লক্ষণ আছে, যেগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন আদৌ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন কি না।
ডায়াবেটিস শরীরে বাসা বেঁধেছে কি না, সহজে তা বোঝা যায় না। চুপিসারে কখন যে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় তা বোঝা কঠিন হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ধরা না পড়লে বা সঠিক চিকিৎসা না করলে কিডনি, লিভার, চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই সঙ্গে অস্বাভাবিক হারে চুলও ঝরতে পারে। এ ছাড়াও শরীরে আরও বেশ কিছু লক্ষণ আছে, যেগুলো দেখলে বোঝা যায়, কেউ আদৌ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন কি না।
কোন লক্ষণ প্রকাশ পেলে রক্ত পরীক্ষা করবেন
ঘন ঘন প্রস্রাবের বেগ : বেশি পানি খেলে বারে বারে বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। তবে ইদানীং কি পানি না খেলেও ঘন ঘন প্রস্রাবের বেগ হয়। এমনকি মাঝরাতে প্রস্রাবের বেগের কারণে ঘুম ভেঙে যায়। এই সমস্যা যদি দেখা দেয়, তা হলে বুঝতে হবে ডায়াবেটিসের সমস্যা রয়েছে।
অধিক পিপাসা : গরমে বেশি পানির তেষ্টা পাওয়া স্বাভাবিক। তবে বিনা পরিশ্রমেও যদি পানি খেতে ইচ্ছা করে কিংবা এসি ঘরে বসেও যদি তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, তা হলে রক্তে শর্করার ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
অতিরিক্ত ক্লান্তি : বারবার প্রস্রাবের ফলে শরীর থেকে অতিরিক্ত পরিমাণে শর্করা এবং বিভিন্ন খনিজ বেরিয়ে গেলে ক্লান্ত লাগা স্বাভাবিক। তবে ডায়াবেটিস হলে প্রস্রাবের বেগও বাড়ে। দুর্বলও হয়ে পড়ে শরীর। তা ছাড়া রক্তে শর্করার পরিমাণ বাড়লে এমনিতেই দুর্বল হয়ে পড়ে শরীর।
বারেবারে ক্ষুধা পাওয়া : পরিমিত পরিমাণে পেট ভরে খাবার খেয়েও কি খিদে মিটছে না? সারাক্ষণই কিছু না কিছু খেতে ইচ্ছা করছে? তা হলে হয়তো রক্তে শর্করার মাত্রা বেশি হয়েছে। কারণ শর্করা বাড়লেই সারাক্ষণ খিদে পায়।