ভূতের গলিতে বিএনপিকর্মীকে কুপিয়ে জখম

রাজধানীর ধানমন্ডিতে বিএনপির এক কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত ওই কর্মীর নাম সাইফ হোসেন মুন্না। তিনি ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে কলাবাগান এলাকার সেন্ট্রাল রোডের ভূতের গলিতে এ ঘটনা ঘটে। নৃশংসভাবে মুন্নাকে কুপিয়ে জখম করা হলেও বহাল তবিয়তে দুর্বৃত্তরা এলাকায় অবস্থান করছে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। পুলিশ বলছে, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। আমরা অভিযুক্তদের নজরদারিতে রেখেছি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা গেছে, রাতে কাজ শেষে বাড়িতে ফেরার পথে মুন্নাকে গতিরোধ করে মামুন। পরে ফিল্মি স্টাইলে মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে আসে এমসি শুভ ও রানা। আরেক মোটরসাইকেলে সেখানে হাজির হয় মোবারক। প্রথমে মামুন বিএনপিকর্মী মুন্নাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে মোটরসাইকেল থেকে নেমে ধারালো অস্ত্র দিয়ে শুভ বেধড়ক কোপানো শুরু করে। এ সময় সে কালো পাঞ্জাবি ও হেলমেট পরা ছিল। প্রাণ বাঁচাতে দৌড় দেওয়ার চেষ্টা করলে মুন্নাকে অন্য সন্ত্রাসীরা মারধর করে। ধারালো অস্ত্রের আঘাতে মুন্নার হাত ও পায়ে ব্যাপক জখম হয়েছে। তার শরীরে অজস্র কোপের দাগ রয়েছে। দুর্বৃত্তরা মুন্নাকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন মুন্না।

ডিএমপির নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ বলেন, ‘ঘটনার পরপর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অপরাধীরা আমাদের নজরদারিতে রয়েছে। মামলা হলে পুলিশ আসামিদের আইনের আওতায় আনবে।’