জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি: নুসরাত ফারিয়া

জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে।

মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন। পরে বিকাল সাড়ে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি।

কারামুক্ত হয়ে মঙ্গলবার বিকালে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন নায়িকা। এসময় তার পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী। 

গ্রেপ্তার পর কাটানো দুদিনকে জীবনের সবচেয়ে মুমূর্ষু উল্লেখ পোস্টে করে পোস্টে নুসরাত ফারিয়া লিখেন, মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখবো।

তিনি লিখেছেন, আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যম কর্মীদের, তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা। 

উল্লেখ্য, গত রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এই অভিনেত্রীকে।