হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বড় লাফ ম্যান সিটির

ম্যানচেস্টার সিটি আর পেপ গার্দিওলার জন্য বর্তমান মৌসুমটা ভুলে যাওয়ার মতো। শিরোপা তো নেইই, বরং সকল ক্ষেত্রেই ব্যর্থতাই তাদের সঙ্গী। শেষ মুহূর্তে এসে হুট করে ঘুরে দাঁড়াল সিটি। প্রিমিয়ার লিগের ম্যাচে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়ে তারা পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে। তিন ধাপ এগিয়ে যাওয়ায় দলটির আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার জোরাল সম্ভাবনা তৈরি হয়েছে।

মঙ্গলবার রাতে ইতিহাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের চতুর্দশ মিনিটে মাঝমাঠের একটু ওপরে কোভাচিচের পাস ধরে, খানিকটা এগিয়ে প্রায় ৩০ গজ দূর থেকে সিটিকে এগিয়ে দেন মিশরের ফরোয়ার্ড মারমাউশ। ২২তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়েও ক্রসবারে মারেন সিটির জার্সিতে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নামা কেভিন ডি ব্রুইনা। ৩৮তম মিনিটে ইলকাই গিনদোয়ানের পাস বক্সে পেয়ে চোখের পলকে ব্যবধান দ্বিগুণ করেন বের্নার্দো সিলভা।

বিরতির পর ৬৭তম মিনিটে এভানিলসনকে পেছন থেকে টেনে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন সিটি মিডফিল্ডার কোভাচিচ। এর দুই মিনিট পরই ডি ব্রুইনাকে তুলে নেন কোচ। তার বদলি নামা গঞ্জালেসকে বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন লুইস কুক। দুই দল ১০ জনের হয়ে যাওয়ার পর শেষ দিকে তৃতীয় গোলটি করেন নিকো গঞ্জালেস।

যোগ করা সময়ের শেষ মিনিটে কানাডার ফরোয়ার্ড ড্যানিয়েল জেসিসন সফরকারীদের একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন। এই জয়ে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে ম্যানচেস্টার সিটি। সমান ৬৬ করে পয়েন্ট নিয়ে নিউক্যাসল ইউনাইটেড চতুর্থ, চেলসি পঞ্চম ও অ্যাস্টন ভিলা ষষ্ঠ স্থানে আছে। অন্যদিকে চ্যাম্পিয়ন লিভারপুলের পর আর্সেনালেরও চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হয়ে গেছে।