চেন্নাইকে হারিয়ে ধোনির পা ছুঁয়ে প্রণাম বৈভব সূর্যবংশীর

ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশনের নাম বৈভব সূর্যবংশী। ১৪ বছরের এই কিশোর আইপিএল মাতিয়ে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার বৈভব যখন চেন্নাই সুপার কিংসের ১৮৮ রান তাড়া করতে নেমেছিল তখন উইকেটের পিছনে দাঁড়িয়ে মহেন্দ্র সিংহ ধোনি। এতে ঘাবড়ে না গিয়ে ব্যাট হাতে ঝড় তোলেন বৈভব। ম্যাচ জয়ের পর ধোনির পা ছুঁয়ে প্রণামও করতে দেখা গেছে এই কিশোরকে।

চেন্নাইয়ের বিপক্ষে বৈভবের ব্যাট থেকে এসেছে ৩৩ বলে ৫৭ রানের ইনিংস। রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হয়ে যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন রাজস্থান রয়্যালস কোচ রাহুল দ্রাবিড়কে দেখা যায় হাততালি দিয়ে অভিবাদন জানাতে। চেন্নাইয়ের অভিজ্ঞ স্পিনারদের বিপক্ষে বৈভব যেভাবে হাত খুলে খেলেছে, সেটা সত‍্যিই প্রশংসনীয়। বৈভবও জানেন, ধোনিকে সবসময় কাছে পাওয়া যাবে না। তাই ধোনির পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছেন বৈভব।

এই দৃশ্য মুগ্ধ করেছে সবাইকে। ধোনি নিজেও মুগ্ধ হয়েছেন উত্তরসূরির নম্রতায়। ম্যাচ শেষে তিনি বলেন, ‘বৈভবের বয়স কম, বড় শট খেলতে পারে। এভাবে সাফল্য পেতে থাকলে প্রত্যাশাও বাড়বে, তবে চাপ নেওয়া যাবে না। দলের সিনিয়র এবং কোচিং স্টাফদের কাছ থেকে তাকে আরও শিখতে হবে। ম্যাচের গতি-প্রকৃতি বুঝতে হবে। যেসব তরুণ খেলোয়াড়েরা ভালো খেলছে, তাদের জন্য আমার এই পরামর্শ। এখনও অনেক কিছু শেখার আছে।’

প্রথম আইপিএলের শেষ ম্যাচেও দারুণ ব্যাট করেন সূর্যবংশী

ভারতের হয়ে তিনটি আইসিসি শিরোপাজয়ী অধিনায়ক ধোনির কথায় স্পষ্ট যে, তিনি বৈভবকে মাটিতে পা রেখে চলতে বলছেন। এই ১৪ বছর বয়সেই তারকা হয়ে গেছেন বৈভব, নিজের প্রথম আইপিএলেই হাঁকিয়েছেন সেঞ্চুরি। এই তারকাখ্যাতি যেন তাকে গ্রাস না করে, সেটাই বোঝাতে চেয়েছেন ধোনি। কারণ, সামনে তার পুরো ক্যারিয়ার পড়ে আছে। শুরুতেই এই প্রত্যাশার চাপ অনেক সময় ক্রিকেটারের ক্ষতিও করতে পারে।