২ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। বুধবার (২১ মে) কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন জাতীয় গ্রিডে সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক। গত ১৯ মে রাত ১টার দিকে বয়লারের টিউব লিক হলে ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়।
২ দিন বন্ধ থাকার পর মেরামত শেষে বুধবার বিকেলে ইউনিটটি উৎপাদনে যায়। এই ইউনিট থেকে প্রতিদিন ৬০/৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ইউনিটটি চালু রাখতে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিট। ১ ও ২ নম্বর ইউনিট ১২৫ মেগাওয়াটের এবং তিন নম্বর ইউনিট ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন। ২০২০ সালের নভেম্বর থেকে ২ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, মেরামত শেষে বুধবার বিকেল ৫টায় ইউনিটটির বয়লারে ফায়ারিং করা হয়। রাত ৯টা থেকে বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটটির বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।