অপসারণ নয়, নিজে থেকেই জসীম উদ্দিন পররাষ্ট্র সচিবের দায়িত্ব থেকে সরে যেতে চান বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, দুই-একদিনের মধ্যে তার উত্তরসূরীর নাম ঘোষণা করা হবে।
বুধবার (২১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের তিনি এই কথা জানান।
পররাষ্ট্র সচিব অপসারণের প্রসঙ্গে তিনি বলেন, অপসারণের কোনও বিষয় নাই। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে হয়ত সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি। সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। উনি আগামী দুয়েকদিনের মধ্যে দায়িত্বটি ছেড়ে দেবেন।
জসীম উদ্দিন ছুটিতে যাচ্ছেন কিংবা চাকরি ছাড়ছেন কি না- এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, উনি চাকরি ছেড়ে দেবেন কেন? উনি তো চাকরিতে আছেন। উনি যখন চাকরিতে আছেন, দায়িত্ব পরিবর্তন হবে।
বাইরের চাপে পররাষ্ট্র মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিচ্ছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, একটা বিষয় হলো কি, যেকোনও সিদ্ধান্তের পেছনে অনেকের স্বার্থ, তাদের বিভিন্ন মতামত, এগুলো থাকেই। এটা সরকারে, কখনওই কোনও সিদ্ধান্ত একজনে নিয়ে নেয় না, এই রকম বিবেচনায় অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তনও হয়। দেখা যাক।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনের হাওয়ায় এক মাসের মাথায় পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসেন জসীম উদ্দিন।