ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগর ও মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খাল পাড়ের খালি জায়গায় অস্থায়ী পশুর হাট বসানো যাবে না, হাইকোর্টের এমন আদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে বহাল রয়েছে।
হাইকোর্টের পৃথক আদেশের বিরুদ্ধে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদের করা আবেদনের ওপর শুনানি নিয়ে বুধবার (২১ মে) চেম্বার আদালতের বিচারপতি মো. রেজাউল হক ‘নো অর্ডার’ দেন।
কোনো আদেশ না হওয়ার ফলে হাইকোর্টের আদেশটি বহাল রইলো বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা। আদালতে সিটি করপোরেশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। রিটকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও এ এম মাহবুব উদ্দিন খোকন।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন দেশ রূপান্তরকে বলেন, ‘হাইকোর্ট যে আদেশ দিয়েছিল সেটি বহাল রয়েছে। অর্থাৎ এই দুই জায়গায় পশুরহাট বসবে না।’
ঈদুল আজহা উপলক্ষে পশুরহাট নিয়ে গত ২১ এপ্রিল ইজারা বিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বিজ্ঞপ্তির ৯ নম্বর কলামে মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খাল পাড়ের খালি জায়গায় পশুর হাট বসানোর বিষয়টি উল্লেখ ছিল। পরে স্থানীয় বাসিন্দা মো. শাহাব উদ্দিন শিকদার ৯ নম্বর কলামের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট আবেদন করেন। আবেদনের ওপর শুনানি নিয়ে গত ২৮ এপ্রিল হাইকোর্ট মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খাল পাড়ের খালি জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দেয়।
এছাড়া ২৯ এপ্রিল পশুরহাট নিয়ে ইজারা বিজ্ঞপ্তি দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বিজ্ঞপ্তির ৩ নম্বর কলামে ‘বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগরের ব্লক-এম-৪, এম-৫,এন-৪, (লেকের উত্তর পাশের আংশিক), স্যানভ্যালি (আংশিক) এর খালি জায়গায় পশুর হাট বসানোর বিষয়টি উল্লেখ ছিল। স্থানীয় বাসিন্দা ইজারা বিজ্ঞপ্তির ৩ নম্বর কলামের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। আবেদনের ওপর শুনানি নিয়ে ৫ মে বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগরের দুটি বøক এবং স্যানভ্যালির আংশিক জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ।