সাগর-রুনি হত্যা মামলা

১১৮ বারের মতো পেছাল প্রতিবেদন দাখিলের তারিখ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১১৮ বারের মতো পিছিয়েছে। গতকাল বুধবার মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা আগামী ৮ জুলাই প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। ঘটনার সময় সাগর সরওয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনে বার্তা সম্পাদক পদে এবং মেহেরুন রুনি এটিএন বাংলায় জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।

হত্যাকা-ের ঘটনায় শেরে বাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের আলম রোমান। পরে এ মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেনÑ রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির ২ নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের বন্ধু তানভীর রহমান খান। আসামিদের কেউ এখন পর্যন্ত এ হত্যাকা-ের দায় স্বীকার করেনি।