বাংলাদেশ বিমানবাহিনীর ৮৬তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি-২০২৫এ, এসপিএসএসসি-২০২৫এ এবং বিএলপিসি-২০২৫এ কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (গ্রীষ্মকালীন)-২০২৫ গতকাল বুধবার যশোরে বিমানবাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি গ্র্যাজুয়েটিং অফিসারদের মধ্যে পদক এবং ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।
অফিসার ক্যাডেট মো. মুতাসিম বিল্লাহ তানিম ৮৬তম বাফা কোর্সের প্রশিক্ষণে সার্বিক কৃতিত্বের জন্য ‘সোর্ড অব অনার’, অফিসার ক্যাডেট তাকি তাহমিদ নিলয় উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’ এবং অফিসার ক্যাডেট মো. মুতাসিম বিল্লাহ তানিম জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য ‘কমান্ড্যান্টস ট্রফি’ লাভ করেন। এ ছাড়া ৮৬তম বাফা কোর্সে (গ্রাউন্ড ব্রাঞ্চ) সেরা কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট মাহাদী হাসান তালহা ‘বিমানবাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন। এই গ্রীষ্মকালীন টার্মে বীরউত্তম এ কে খন্দকার স্কোয়াড্রন চ্যাম্পিয়ন বিবেচিত হয়ে একাডেমি পতাকা লাভ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি নৌবাহিনী প্রধান বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সব মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের, যাদের অপরিসীম ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। তিনি আরও স্মরণ করেন মুক্তিযুদ্ধে অটল মনোবল সৃষ্টিকারী অকুতোভয় ও সফল বিমান অভিযানের পুরোধা ও দুঃসাহসিক আকাশ যুদ্ধ পরিচালনাকারী কিলো ফ্লাইটের সদস্যদের, যাদের দৃপ্ত প্রত্যয়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পথ প্রশস্ত ও সুগম হয়েছিল। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বিমানবাহিনীর দেশপ্রেমিক সদস্যরা দেশের আপামর জনগণের স্বার্থে সর্বদা সহায়ক ভূমিকা পালন করে আসছে। দেশ ও জনগণের প্রয়োজনে বাংলাদেশ বিমানবাহিনীর অবস্থান আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় ও সুসংহত হবে। আইএসপিআ