ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের পুকুরে ডুবে সাইফুল ইসলাম রাজু নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার বাসিন্দা।
ইনস্টিটিউটের নিরাপত্তা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সিভিল বিভাগের প্রথম বর্ষের ছাত্র সাইফুল ইসলাম রাজুসহ শিক্ষার্থীরা ইনস্টিটিউটের মাঠে খেলাধুলা শেষে পুকুরে নেমে গোসল করছিলেন। সবার অগোচরে তিনি পানিতে ডুবে যান। খোঁজাখুঁজি শুরু করলে এক শিক্ষার্থীর পায়ের সঙ্গে তার দেহের আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।